
জয়পুর, ১ সেপ্টেম্বর (হি.স.) : অভিযোগ মিটিয়ে দিয়ে অভিযোগকারীর পক্ষে রিপোর্ট তৈরি করে দেওয়ার বিনিময়ে ৪০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে এক হেড কনস্টেবল এবং এক মধ্যস্ততাকারীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন ব্যুরো (এসিবি)। ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুর গ্রামীণ জেলার আমরসর থানা এলাকায়।
মঙ্গলবার এসিবি-র মহাপরিচালক গোবিন্দ গুপ্ত জানান, অভিযোগকারী লিখিতভাবে জানিয়েছিলেন, তাঁর বিরুদ্ধে আমরসর থানায় দায়ের হওয়া অভিযোগ মিটিয়ে দেওয়া এবং তাঁর পক্ষে রিপোর্ট তৈরি করে দেওয়ার জন্য হেড কনস্টেবল রতনলাল আর্য ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। অভিযোগের সত্যতা যাচাইয়ের সময় ঘুষ চাওয়ার বিষয়টি নিশ্চিত হয়। পরে ৪০ হাজার টাকায় একটি চুক্তি সম্পন্ন হয়। ট্র্যাপ অভিযানের সময় ইংরেজি ও দেশি মদের দোকানের সেলসম্যান রাকেশ কুমার মীণা হেড কনস্টেবলের হয়ে অভিযোগকারীর কাছ থেকে ৪০ হাজার টাকা ঘুষ নেন।
হেড কনস্টেবল রতনলাল আর্যকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের পর তাঁকেও গ্রেফতার করে এসিবি। ঘটনায় আরও তদন্ত চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস