
হরিদ্বার, ১০ সেপ্টেম্বর (হি.স.) : উত্তরাখণ্ডের হরিদ্বারে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। মঙ্গলৌর থানার পুলিশ ১৬.১০ গ্রাম অবৈধ মাদক(স্ম্যাক)সহ পাচারকারীকে গ্রেফতার করেছে। উদ্ধার হওয়া মাদকের(স্ম্যাক) আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লক্ষ ৮৩ হাজার টাকা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। মাদক পাচারে ব্যবহৃত একটি ইলেকট্রিক স্কুটিও বাজেয়াপ্ত করা হয়েছে।
বরিষ্ঠ পুলিশ সুপারের নির্দেশে জেলাজুড়ে অবৈধ মাদক ব্যবসার বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। মাদক পাচারকারীদের গতিবিধির উপর নজরদারির জন্য মঙ্গলৌর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে একাধিক পুলিশ দল গঠন করা হয়েছে।
এই অভিযানের অংশ হিসেবে উপ-পরিদর্শক নবীন চৌহানের নেতৃত্বে একটি পুলিশ দল লংঢৌরা এলাকায় সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাচ্ছিল। সেই সময় এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। তার কাছ থেকে ১৬.১০ গ্রাম অবৈধ স্ম্যাক উদ্ধার হয়।
বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মূল্য প্রায় ৪ লক্ষ ৮৩ হাজার টাকা। ঘটনাস্থল থেকে মাদক পাচারে ব্যবহৃত একটি ইলেকট্রিক স্কুটিও উদ্ধার করা হয়।পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং আইনি প্রক্রিয়ার জন্য তাকে আদালতে পাঠানো হয়েছে। ধৃতের নাম ফৈজ মহম্মদ। সে হরিদ্বার জেলার লক্সর কোতোয়ালি এলাকার রণসুরা গ্রামের বাসিন্দা।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস