
হাওড়া, ১১ সেপ্টেম্বর (হি.স.): ফের বিতর্কে হাওড়ার সাঁকরাইল বিধানসভা। এবার সাঁকরাইলের বিধায়িকা প্রিয়া পালের বিরুদ্ধে বিপুল সম্পত্তি তৈরির অভিযোগ তুলে কলকাতার ইডি দফতরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘুরপথে তাঁর মেয়ের নামে বিভিন্ন জায়গায় জমি ও সম্পত্তি কেনা হয়েছে বলে অভিযোগ।
অভিযোগকারীর দাবি, জনপ্রতিনিধি হিসেবে বিধায়িকার আয়ের সঙ্গে তাঁর পরিবারের নামে থাকা সম্পত্তির সামঞ্জস্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। কীভাবে এই বিপুল সম্পত্তি তৈরি হয়েছে এবং এর অর্থের উৎস কী, তা তদন্ত করার জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে আবেদন জানানো হয়েছে।
অভিযোগকারীর আরও দাবি, এই বিষয়ে এর আগে সাঁকরাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কোনও কার্যকর পদক্ষেপ করেনি। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে শেষ পর্যন্ত তিনি কলকাতার সল্টলেকে ইডির দফতরে অভিযোগ জমা দেন।
ঘটনাকে কেন্দ্র করে সাঁকরাইলে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিরোধীরা অভিযোগ নিয়ে সরব হলেও শাসকদলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে, বিধায়িকা প্রিয়া পালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।
ইডি অভিযোগটি গ্রহণ করেছে কি না এবং অভিযোগের ভিত্তিতে কোনও প্রাথমিক অনুসন্ধান বা তদন্ত শুরু হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়