
হুগলি , ১৩ সেপ্টেম্বর (হি.স.): রবিবার চুঁচুড়া নেতাজি সুভাষ সেবা কেন্দ্র তথা বিধায়ক কার্যালয়ে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় বিশেষ পরিষেবা শিবিরের আয়োজন করা হয়। কাপাসডাঙ্গা সিএসসি কেন্দ্রের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে সাধারণ মানুষের আয়ুষ্মান ভারত কার্ডের ই-কে ওয়াই সি এবং নাম নথিভুক্তকরণের কাজ করা হয়।
চুঁচুড়া বিধানসভার সকল যোগ্য প্রাপকের কাছে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানা গেছে। শিবিরে এলাকার যোগ্য উপভোক্তারা এসে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেন।
উদ্যোক্তাদের বক্তব্য, সাধারণ মানুষের স্বাস্থ্যসুরক্ষা ও কল্যাণের কথা মাথায় রেখে প্রতি রবিবার নেতাজি সুভাষ সেবা কেন্দ্রে এই বিশেষ পরিষেবা শিবিরের আয়োজন করা হবে। যোগ্য প্রাপকেরা যাতে সহজেই প্রকল্পের সুবিধা পেতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA