মহিলা এশিয়া কাপে ভারতীয় দলের ঐতিহাসিক জয়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অভিনন্দন
কলকাতা, ১৪ সেপ্টেম্বর (হি. স) : ভারতীয় মহিলা ক্রিকেট দল ২০২৬ সালের এশিয়া কাপ খেতাব জয় করায় জাতীয় দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সামাজিক মাধ্যম ''এক্স''-এ পোস্ট করে তিনি ভারতীয় মহিলা খেলোয়াড়দের
গণেশ পূজার উদ্বোধনে শুভেন্দু অধিকারী


কলকাতা, ১৪ সেপ্টেম্বর (হি. স) : ভারতীয় মহিলা ক্রিকেট দল ২০২৬ সালের এশিয়া কাপ খেতাব জয় করায় জাতীয় দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সামাজিক মাধ্যম 'এক্স'-এ পোস্ট করে তিনি ভারতীয় মহিলা খেলোয়াড়দের এই দুর্দান্ত পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন এবং একে গোটা দেশের জন্য এক পরম গর্বের মুহূর্ত হিসেবে বর্ণনা করেন।

মুখ্যমন্ত্রী বলেন, ভারতীয় মহিলা ক্রিকেট দলের অসামান্য আত্মবিশ্বাস, ধারাবাহিক নৈপুণ্য এবং মাঠের ভেতরের দুর্দান্ত লড়াইয়ের মানসিকতা পুরো দেশকে গর্বিত করেছে। তিনি জানান, দলের এই ঐতিহাসিক সাফল্য দেশের লক্ষ লক্ষ তরুণ-তরুণীর জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে এবং তরুণ সমাজকে ক্রীড়াক্ষেত্রে অনুরাগী হতে ও আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করতে বিশেষভাবে উৎসাহিত করবে।

উল্লেখ্য, গত রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ভারতীয় মহিলা দল শ্রীলঙ্কাকে ৭২ রানে পরাজিত করে রেকর্ড অষ্টমবারের মতো মহিলা এশিয়া কাপের শিরোপা নিজেদের নামে করে নেয়। প্রথমে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৮৩ রান সংগ্রহ করে। শেফালী বর্মা ৩৯ বলে ৬৮ রান এবং স্মৃতি মন্ধানা ৩৯ বলে ৫৯ রানের অসাধারণ ইনিংস উপহার দেন। উদ্বোধনী জুটিতে দুজনে ১২৯ রান যোগ করে বড় স্কোরের ভিত্তি গড়ে তোলেন।

১৮৪ রানের জয়ের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ভারতীয় বোলারদের দাপটে চাপের মুখে পড়ে শ্রীলঙ্কান দল। শেষ পর্যন্ত ১১১ রানেই অলআউট হয়ে যায় তারা। ভারতীয় বোলারদের মধ্যে শ্রী চরাণী নিয়ন্ত্রিত বোলিং করে ৪টি উইকেট শিকার করেন এবং দীপ্তি শর্মা নেন ৩টি উইকেট। অধিনায়ক হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতীয় দল ৭২ রানের বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে ট্রফি জয় করে।

সমগ্র টুর্নামেন্ট জুড়েই ভারতীয় দলের পারফরম্যান্স ছিল অত্যন্ত চিত্তাকর্ষক। লীগ পর্বে ধারাবাহিক জয়ের পর সেমিফাইনালে বাংলাদেশকে ৪০ রানে হারিয়ে ফাইনালে উঠেছিল ভারত। ফাইনালেও ব্যাটিং ও বোলিংয়ের সুষম ভারসাম্যের ওপর ভর করে শ্রীলঙ্কাকে একতরফা ম্যাচে পরাজিত করে ভারতীয় দল।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভারতীয় মহিলা ক্রিকেট দলের এই গৌরবময় অর্জনকে সারা দেশের জন্য গর্বের বিষয় হিসেবে অভিহিত করে সকল খেলোয়াড়দের শুভকামনা জানান। তিনি আশা প্রকাশ করেন, এই জয় দেশের উঠতি ক্রীড়াবিদদের আন্তর্জাতিক স্তরে সাফল্য অর্জনে অনুপ্রাণিত করবে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande