
বাঁকুড়া, ১৭ সেপ্টেম্বর (হি. স.) : বাঁকুড়ায় জেলা কংগ্রেস সভাপতি অভিষেক বিশ্বাসের হাত ধরে কংগ্রেস দলে যোগ দিলেন ১০০ জন ট্যাক্সি মালিক ও চালক। আগামী দিনে পরিবহন কর্মীদের স্বার্থ রক্ষায় কংগ্রেসই একমাত্র পথ দেখাতে পারে বলে এদিন দাবি করেন যোগদানকারীরা। বৃহস্পতিবার বাঁকুড়া মাচানতলার ট্যাক্সি স্ট্যান্ডে একটি পথসভায় জাতীয় কংগ্রেসে যোগদান করেন এই ১০০ জন ট্যাক্সি মালিক (ওনার্স) ও চালক (ড্রাইভার)।
দলীয় সূত্রে জানা যায়, জাতীয় কংগ্রেসে যোগদান করার জন্যই যোগদানকারীরা আগে থেকেই দলের জেলা সভাপতিকে একটি স্মারকলিপি জমা দিয়েছিলেন। তারপরেই আজ বাঁকুড়া জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটি বিশেষ পথসভার আয়োজন করা হয়। সেখানে জেলা সভাপতি অভিষেক বিশ্বাসের হাত থেকে জাতীয় কংগ্রেসের দলীয় পতাকা তুলে নেন যোগদানকারীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসের একাধিক নেতা ও কর্মী।
যোগদানকারীরা জানান, তাঁরা বর্তমান পরিস্থিতি ও কংগ্রেসের আদর্শের প্রতি অনুপ্রাণিত হয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন। সাধারণ মেহনতি মানুষ এবং পরিবহন কর্মীদের স্বার্থ রক্ষায় কংগ্রেসই একমাত্র বিকল্প পথ দেখাতে পারে বলে তাঁরা মত প্রকাশ করেন।
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট