
হাফলং (অসম), ১৭ সেপ্টেম্বর (হি স): মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অসম অভিযানের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের আওতায় ডিমা হাসাও জেলার হিতাধিকারীদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার হাফলং জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে ডিমা হাসাও স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা হিতাধিকারীদের হাতে আনুষ্ঠানিকভাবে চেক তুলে দেন। অনুষ্ঠানে তাঁর পাশে উপস্থিত ছিলেন পরিষদের কার্যনির্বাহী সদস্য দনফাইনন থাওসেন এবং পরিষদের প্রবীণ নেতা ও সদস্য ধৃতি থাওসেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে গুয়াহাটিতে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারেরও ব্যবস্থা করা হয়। সেখানে অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে আত্মনির্ভর অসম অভিযানের অধীনে হিতাধিকারীদের হাতে চেক তুলে দেন।
শিক্ষিত ও স্বল্প-আয়ের যুবকদের স্বনির্ভর উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং তাঁদের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। বেকারত্বের সমস্যা মোকাবিলার পাশাপাশি যুবকদের নিজস্ব উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টি ও অন্যদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে।
এই প্রকল্পের আওতায় হিতাধিকারীদের আর্থিক সহায়তা দেওয়া হয়। প্রকল্পের মোট অর্থের ৫০ শতাংশ সরকারি অনুদান হিসেবে এবং বাকি ৫০ শতাংশ সুদমুক্ত সরকারি ঋণ হিসেবে প্রদান করা হয়।
সাধারণ যোগ্যতার আবেদনকারীদের জন্য ২ লক্ষ টাকার আর্থিক প্যাকেজ রয়েছে। দশম শ্রেণি উত্তীর্ণ, শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠান বা পলিটেকনিক উত্তীর্ণ এবং সাধারণ স্নাতকেরা এই সুবিধা পাওয়ার যোগ্য। অন্যদিকে প্রকৌশল, চিকিৎসা, কৃষি, পশুচিকিৎসা বিজ্ঞান অথবা মৎস্যবিজ্ঞানে ডিগ্রিধারী পেশাদার স্নাতকদের জন্য ৫ লক্ষ টাকার প্যাকেজ নির্ধারণ করা হয়েছে।
১৭ সেপ্টেম্বর ডিমা হাসাও জেলার মোট ৫৬৬ জন উপভোক্তা এই প্রকল্পের মাধ্যমে সরাসরি তাঁদের ব্যাঙ্ক হিসাবে আর্থিক সুবিধা পেয়েছেন। এর মধ্যে প্রথম পর্যায়ের আত্মনির্ভর অসম অভিযানে ৮৩ জন এবং দ্বিতীয় পর্যায়ে ৪৮৩ জন হিতাধিকারী রয়েছেন।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব