
ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত ক্রমাগত এগিয়ে চলেছে, জোর দিয়ে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে ভাদনগরে আয়োজিত এক অনুষ্ঠানে অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গোটা জীবনকে যদি ব্যাখ্যা করতে হয়, তবে তা কেবল দুটি শব্দেই প্রকাশ করা সম্ভব—'ইন্ডিয়া ফার্স্ট'। প্রধানমন্ত্রীর জন্মদিনে তাঁর পৈতৃক ভিটে ভাদনগরে দাঁড়িয়ে এই মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতমাতার কল্যাণ ও বিশ্বমঞ্চে দেশের মর্যাদা বৃদ্ধিতে প্রধানমন্ত্রী নিজের জীবনের প্রতিটি মুহূর্ত উৎসর্গ করেছেন উল্লেখ করে তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এদিন ভাদনগর থেকে সূচনা হয় বিশেষ 'সেবা সংকল্প অভিযান' বাইক র্যালির। এ প্রসঙ্গে অমিত শাহ বলেন, এই যাত্রা নরেন্দ্র মোদীজির জন্মভূমি ভাদনগর থেকে শুরু হয়ে তাঁর কর্মভূমি বারাণসীতে পৌঁছবে। পুণ্যভূমি হাটকেশ্বর মহাদেবের প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই যাত্রা শেষ হবে কাশী বিশ্বনাথের চরণে গিয়ে।
যাত্রার বিস্তারিত রূপরেখা তুলে ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মোট ৬০০ জন বাইকার এই অভিযানে অংশ নিচ্ছেন। এর মধ্যে ভাদনগর থেকে ৩০০ জন এবং বারাণসী থেকে একই দিনে আরও ৩০০ জন যাত্রা শুরু করছেন। এই ৬০০ জন আরোহী দেশের ৭টি রাজ্য ও অসংখ্য গ্রামের মধ্য দিয়ে প্রায় ৪,০০০ কিলোমিটার পথ অতিক্রম করবেন এবং প্রধানমন্ত্রীর ২৫ বছরের সুশাসন ও জনসেবার বার্তা প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেবেন।
এই ২৫ বছরের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে অমিত শাহ উল্লেখ করেন, আজ মোদীজির জন্মদিন হলেও আগামী ৭ অক্টোবর সেই ঐতিহাসিক দিনটি পূর্ণ হতে চলেছে, যেদিন তিনি একটানা রাজ্যের মুখ্যমন্ত্রী ও দেশের প্রধানমন্ত্রী হিসেবে ২৫ বছর সম্পন্ন করবেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ