
নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি.স.): বিশ্বজুড়ে উন্নত প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদার মধ্যে ভারতে সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে বড় পদক্ষেপ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার 'সেমিকন ইন্ডিয়া ২০২৬'-এর উদ্বোধন করে তিনি জানান, দেশ জুড়ে প্রযুক্তি বিপ্লব এগিয়ে নিতে সেমিকন্ডাক্টর মিশনের দ্বিতীয় পর্যায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার এই অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সরকার সেমিকন্ডাক্টর শিল্পের জন্য ১ লক্ষ ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে প্রশিক্ষিত করার লক্ষ্য নির্ধারণ করেছিল, যার মধ্যে ইতিমধ্যেই ৭০,০০০ জনের বেশি শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া সম্পন্ন হয়েছে। দেশে বা বিদেশে যে সমস্ত ভারতীয় তরুণ-তরুণী ও গবেষকরা কাজ করছেন, তাঁদের ভারতে এসে এই উন্নত প্রযুক্তি বিকাশের কর্মযজ্ঞে শামিল হওয়ার আহ্বান জানাচ্ছি।
ভারতের শিল্প সংস্কারের গতি তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, মিশনটির প্রথম পর্বে যেখানে প্রায় ৮ বিলিয়ন ডলার বিনিয়োগের লক্ষ্য ছিল, দ্বিতীয় পর্বে সেই লক্ষ্যমাত্রা বাড়িয়ে প্রায় ১৩.৫ বিলিয়ন ডলারে উন্নীত করা হয়েছে। 'রিফর্ম এক্সপ্রেস'-এর ওপর ভর করে এই ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ নীতিগত পরিবর্তন আনা হয়েছে। এর ফলে এখন থেকে আন্তর্জাতিক সংস্থাগুলো দেশীয় স্টার্টআপ, ভারতীয় নকশা প্রস্তুতকারী সংস্থা এবং ওসিআই মালিকানাধীন সংস্থাগুলির সঙ্গে যৌথভাবে কাজ করতে পারবে। নীতি প্রণয়ন, অর্থায়ন কিংবা নিয়ন্ত্রক কাঠামোর দিক থেকে সবরকম সহায়তা দিতে কেন্দ্র প্রস্তুত বলে আশ্বাস দেন তিনি।
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, যৌগিক সেমিকন্ডাক্টর উৎপাদন থেকে শুরু করে সমগ্র ইকোসিস্টেমে 'সিলিকন ফোটোনিক্স'-এর সংযোজন—এআই-নির্ভর পরিকাঠামো গড়ে তোলার জন্য অপরিহার্য। এর ভিত্তিপ্রস্তর ইতিমধ্যেই ভারতে স্থাপিত হয়েছে। বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খল আরও মজবুত করতে দেশ নানা সংস্কার সাধন করেছে জানিয়ে বিশ্বখ্যাত প্রযুক্তি ও যন্ত্রপাতি প্রস্তুতকারী সংস্থাগুলিকে ভারতের এই সুবর্ণ সুযোগ কাজে লাগানোর জোরালো আহ্বান জানান তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ