
ফরিদকোট, ১৭ সেপ্টেম্বর ( হি.স.): অস্ত্রপাচার চক্র রোধে উল্লেখযোগ্য পদক্ষেপ নিল পঞ্জাবের ফরিদকোট পুলিশ। বৃহস্পতিবার পুলিশ গ্রেফতার করল দুই যুবককে। এদিন পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম রাজবীর সিং ওরফে অমিত (২১) এবং অমর সিং ওরফে অমর (২৫) । ধৃত দুজনেই অমৃতসরের ছেহরটা এলাকার বাবা দীপ সিং কলোনি, সন্ন সাহেব রোডের বাসিন্দা। তল্লাশি চালিয়ে ধৃতদের কাছ থেকে ৩টি ৩০ বোরের পিস্তল, ১টি ৩০ বোরের পিএক্স-৫ স্টর্ম পিস্তল, ২টি দেশি ৩২ বোরের পিস্তল এবং ৪টি দেশি ৩০ বোরের পিস্তল বাজেয়াপ্ত করেছে । এর পাশাপাশি ২০টি তাজা কার্তুজও উদ্ধার করা হয়েছে।
এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সেন্ট্রাল মডার্ন জেলের কাছে তলোয়ান্ডি ভাই রোডে দুই সন্দেহভাজন বিপুল পরিমাণ অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে বলে গোপন সূত্রে খবর আসে। এই খবরের ভিত্তিতে পুলিশ কোটকপুরা রোডের খাল সেতুর কাছে ব্যারিকেড তৈরি করে তল্লাশি অভিযান চালায়।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায় , এই অস্ত্র পাচার চক্রটি জেলে থাকা অমৃতসরের আটারি এলাকার বাসিন্দা দীপ সিং ওরফে দীপকের নির্দেশে পরিচালিত হচ্ছিল। পুলিশ আরও জানায়, গ্যাংটি পাকিস্তানভিত্তিক পাচারকারীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছিল। সীমান্ত এলাকায় ড্রোন মারফত পাঠানো অস্ত্রের চালান সংগ্রহ করে তা ফরিদকোট ও আশপাশের জেলাগুলিতে সরবরাহ করাই ছিল এদের মূল পরিকল্পনা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক