
কলকাতা, ১৭ সেপ্টেম্বর (হি. স.) : কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কোটি কোটি টাকার স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জামিনের শর্ত লঙ্ঘনের অভিযোগ এনেছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, জামিনের শর্ত অনুযায়ী পার্থ চট্টোপাধ্যায় নিয়মিত সিবিআই দফতরে হাজিরা দিচ্ছেন না। এই নিয়ে কলকাতার বিচার ভবনের বিশেষ আদালতের দ্বারস্থ হয়েছে সিবিআই।
আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী তাঁর মক্কেলের শারীরিক অসুস্থতার কথা জানান। তিনি বলেন, প্রাক্তন শিক্ষামন্ত্রী অসুস্থ এবং তাঁকে মাঝধ্যেই হাসপাতালে ভর্তি করতে হচ্ছে। ভার্চুয়ালি হাজিরার অনুমতি চেয়ে সিবিআই-কে ইমেল পাঠানো হয়েছিল বলেও জানান আইনজীবী। এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে আগামী ২৯ সেপ্টেম্বর।
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়কে গত বছরের নভেম্বরে জামিনে মুক্তি দেওয়া হয়। গ্রেফতারের ৩ বছর ৩ মাস ১৯ দিন পর তিনি মুক্তি পান। ২০২৫ সালের সেপ্টেম্বরে জামিন দেওয়ার সময় কলকাতা হাইকোর্ট একাধিক শর্ত আরোপ করেছিল, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত ছিল সপ্তাহে একদিন তদন্তকারী আধিকারিকের সামনে হাজিরা দেওয়া। হাইকোর্ট স্পষ্ট জানিয়েছিল, কোনও শর্ত লঙ্ঘন হলে নিম্ন আদালত তাঁর জামিন বাতিল করতে পারে। সেই ভিত্তিখাতেই সিবিআই বৃহস্পতিবার বিশেষ আদালতে অভিযোগ জানায়।
সিবিআইয়ের দায়ের করা মামলায় হাইকোর্ট ১০ লক্ষ টাকার মুচলেকায় পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দিয়েছিল। শর্তানুযায়ী, তাঁকে নিজের পাসপোর্ট নিম্ন আদালতে জমা রাখতে হতো, আদালতের অনুমতি ছাড়া বিচারবিভাগীয় এলাকার বাইরে যাওয়া নিষিদ্ধ ছিল এবং শুনানির প্রতিটি তারিখে আদালতে উপস্থিত হতে হতো। এছাড়া সাক্ষীদের ভয় না দেখানো বা তথ্যপ্রমাণ নষ্ট না করা, সপ্তাহে একদিন তদন্তকারী আধিকারিককে রিপোর্ট করা, কোনও সরকারি পদ গ্রহণ না করা এবং অপরাধমূলক কাজকর্ম থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।
সাক্ষীদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে তাঁর ওপর কড়া নিষেধাজ্ঞা জারি রয়েছে এবং আদালত ও তদন্তকারী সংস্থাকে একটি মোবাইল নম্বর দিতে হয়েছে, যা অনুমতি ছাড়া পরিবর্তন করা যাবে না। যদিও বিধায়ক হিসেবে কাজ করার ছাড়পত্র তাঁকে দেওয়া হয়েছিল, তবে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে তাঁকে টিকিট দেওয়া হয়নি।
উল্লেখ্য, ২০২২ সালের জুলাই মাসে কোটি কোটি টাকার এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেপ্তার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গ্রেপ্তারের দিনই তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের আবাসন থেকে ২০ কোটি টাকা নগদ উদ্ধার করা হয়। পরে অর্পিতাকেও এই মামলায় গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে সিবিআই-ও এই দুর্নীতি মামলায় দু'জনকে গ্রেপ্তার করে। অর্পিতা মুখোপাধ্যায় ২০২৪ সালে জামিন পান।
গত বছরের সেপ্টেম্বরে কলকাতা হাইকোর্ট পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দিলেও সুপ্রিম কোর্টের নির্দেশের কারণে তাঁকে সঙ্গে সঙ্গে মুক্তি দেওয়া যায়নি। সুপ্রিম কোর্ট জানিয়েছিল, নিম্ন আদালতে দুই মাসের মধ্যে গুরুত্বপূর্ণ সাক্ষীদের জবানবন্দি গ্রহণ সম্পন্ন হওয়ার পরেই প্রাক্তন মন্ত্রীকে খালাস করা যাবে। অবশেষে ২০২৫ সালের ১১ নভেম্বর তাঁকে বিচারবিভাগীয় হেফাজত থেকে মুক্তি দেওয়া হয়।
হিন্দুস্থান সমাচার / সোনালি