
গোসাবা, ১৯ সেপ্টেম্বর (হি. স.) : গোসাবা থেকে উদ্ধার হল সাতটি লেসার হুইসলিং ডাক প্রজাতির হাঁস। শনিবার সকালে গোসাবার বালি বাজার সংলগ্ন একটি পুকুরে এদেরকে দেখা যায়। ওই পুকুরে এদিন দুটি বড় লেসার হুইসলিং ডাককে বাচ্চা সহ ভাসতে দেখেন স্থানীয়রা। পাখিগুলিকে দেখতে পেয়েই গ্রামবাসীরা খবর দেন বন দফতরে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় বন দফতরের কর্মীরা। এরপর সেখান থেকে বাচ্চা সহ মোট সাতটি লেসার হুইসলিং ডাককে উদ্ধার করেন তাঁরা। বন দফতরের আধিকারিকরা জানিয়েছেন, এই প্রজাতির হাঁস ভারত ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে দেখা যায়। সাধারণত জলাভূমি এলাকাতেই এদের বাস। উদ্ধার হওয়া পাখিগুলির স্বাস্থ্য পরীক্ষার পর তাদেরকে সুন্দরবনের কোন এক নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে বন দফতর।
---------------
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা