
আগরতলা, ১৯ সেপ্টেম্বর (হি.স.) : আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মীদের প্রচারে সর্বশক্তি নিয়োগের আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী প্রসেফর (ডাঃ) মানিক সাহা। শনিবার আগরতলায় মুক্তধারা প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত বিজেপি-র সাংগঠনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, প্রদেশ সভাপতির নির্দেশ অনুযায়ী নির্বাচনী প্রচার পরিচালিত হবে এবং দলের সকল স্তরের নেতা-কর্মীদের সেই নির্দেশ মেনে মাঠে নামতে হবে।
ভিলেজ কমিটি নির্বাচনের রণকৌশল চূড়ান্ত করতে এদিন বিজেপি-র পক্ষ থেকে এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, বিধানসভার অধ্যক্ষ রাম পদ জমাতিয়া, মন্ত্রিসভার সদস্য, বিধায়ক, এমডিসি, বিভিন্ন মণ্ডল ও জেলা কমিটির সভাপতিরা।
সূত্রের খবর, বৈঠকে বিভিন্ন ভিলেজ কমিটি এলাকায় নির্বাচনী সমীকরণ, প্রচারের রূপরেখা এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে যেসব কেন্দ্রে মিত্রদলগুলির মধ্যে বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা চলছে, সেখানে মতানৈক্য বা বিভ্রান্তি এড়িয়ে সমন্বয়ের মাধ্যমে প্রচার চালানোর বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, “প্রচার এবং অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রদেশ সভাপতি যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ মেনেই প্রচার কর্মসূচি পরিচালিত হবে।”
অন্যদিকে, এই সাংগঠনিক বৈঠকে বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়ার উপস্থিতি রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিভিন্ন মহলের মতে, আইনগতভাবে কোনও রাজনৈতিক দলের বৈঠকে স্পিকারের উপস্থিতিতে বাধা না থাকলেও সংসদীয় গণতন্ত্রের সুস্থ রীতি ও স্পিকারের নিরপেক্ষতার ভাবমূর্তির প্রশ্নে এ ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে বিতর্কের অবকাশ থেকে যায়।
যদিও এ বিষয়ে বিজেপি-র পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি, তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক আবহ আরও উষ্ণ হয়ে উঠছে এবং আগামী দিনে এই ধরনের বিষয় নিয়ে আলোচনা অব্যাহত থাকতে পারে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ