ধানের জমিতে বিশালাকার অজগর, চাঞ্চল্য রাজনগরের জলাপাথরে
বিলোনিয়া (ত্রিপুরা), ১৯ সেপ্টেম্বর (হি.স.) : তৃষ্ণা অভয়ারণ্যের অন্তর্গত রাজনগর জলাপাথর এলাকায় ধানের জমি থেকে বিশালাকার একটি অজগর সাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সকালে জমিতে কাজ করতে গিয়ে স্থানীয় এক কৃষকের নজরে আসে অতিকায় অজগরটি। মুহূর
অজগর উদ্ধার


বিলোনিয়া (ত্রিপুরা), ১৯ সেপ্টেম্বর (হি.স.) : তৃষ্ণা অভয়ারণ্যের অন্তর্গত রাজনগর জলাপাথর এলাকায় ধানের জমি থেকে বিশালাকার একটি অজগর সাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সকালে জমিতে কাজ করতে গিয়ে স্থানীয় এক কৃষকের নজরে আসে অতিকায় অজগরটি। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলে ভিড় জমে যায় স্থানীয়দের। আতঙ্কের পাশাপাশি বিশালাকার সাপটিকে এক নজর দেখতে মানুষের মধ্যে কৌতূহলও তৈরি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনগরের বাসিন্দা বিক্রম দাস ওইদিন সকালে তাঁর ধানের জমিতে সার দেওয়ার জন্য যান। জমিতে কাজ করার সময় হঠাৎ তাঁর চোখে পড়ে একটি বিশালাকার অজগর সাপ। প্রথমে বিষয়টি দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। পরে স্থানীয়দের খবর দিলে ঘটনাটি জানাজানি হয়। খবর ছড়িয়ে পড়তেই আশপাশের এলাকার মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন।

পরবর্তীতে বিষয়টি জানানো হয় বন দফতরে। খবর পেয়েই রাজনগর ফরেস্ট রেঞ্জের অফিসার সুকান্ত সরকারের নেতৃত্বে বনকর্মীদের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বনকর্মীরা অত্যন্ত সতর্কতা ও দক্ষতার সঙ্গে অভিযান চালিয়ে অজগরটিকে উদ্ধার করেন। উদ্ধারকাজের সময় সাপটি যাতে কোনওভাবে আহত না হয়, সেদিকেও বিশেষ নজর রাখা হয়।

বন দফতর সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া অজগরটি সম্পূর্ণ অক্ষত ছিল। প্রাথমিকভাবে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার পর সেটিকে নিরাপদ প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে অজগরটিকে বাইসন জাতীয় উদ্যানে নিয়ে গিয়ে নিরাপদে ছেড়ে দেওয়া হয়।

বিশালাকার অজগর উদ্ধারের ঘটনায় একদিকে যেমন স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল, তেমনই বন দফতরের তৎপরতায় দ্রুত সেটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়ায় স্বস্তি ফিরে আসে এলাকায়। বন দফতরের কর্মীদের দ্রুত পদক্ষেপের প্রশংসাও করেছেন স্থানীয় বাসিন্দারা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande