
আসানসোল, ২ সেপ্টেম্বর (হি.স.):
গত দু’দিন ধরে টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের একাধিক এলাকা। ভারী বৃষ্টির জেরে দিলদারনগর, রামকিষাণ ডাঙাল, চাঁদমারি-সহ বিভিন্ন এলাকায় রাস্তাঘাটে জল জমে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। কোথাও কোথাও রাস্তার উপর জল জমে থাকায় যান চলাচলও ব্যাহত হচ্ছে।
একটানা বৃষ্টির পর আসানসোল উত্তর বিধানসভার বিভিন্ন এলাকার স্বাভাবিক চিত্র বদলে গিয়েছে। দিলদারনগর, রামকিষাণ ডাঙাল এবং চাঁদমারি এলাকায় রাস্তা ও সংলগ্ন অংশে জল জমে রয়েছে। জল জমার কারণে স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন কাজে বেরোতে সমস্যায় পড়তে হচ্ছে। স্কুল, কর্মক্ষেত্র বা বাজারে যাওয়ার ক্ষেত্রেও সমস্যার মুখে পড়ছেন অনেকে।
জলমগ্ন রাস্তায় ছোট-বড় গাড়ি চলাচলের ক্ষেত্রেও সমস্যা দেখা দিয়েছে। চালকদের ধীরগতিতে এবং সতর্কতার সঙ্গে যানবাহন চালাতে হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতি বছর বর্ষার সময় একই ধরনের সমস্যার সৃষ্টি হয়। পর্যাপ্ত নিকাশি ব্যবস্থা না থাকায় একটুা বেশি বৃষ্টি হলেই বিভিন্ন এলাকায় জল জমে যায়।
বুধবার স্থানীয় বাসিন্দারা জানান, সমস্যার স্থায়ী সমাধানে নিকাশি নালা নিয়মিত পরিষ্কার করার পাশাপাশি উন্নত নিকাশি ব্যবস্থা গড়ে তুলতে হবে। জলমগ্ন এলাকাগুলিতে দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তাঁরা। প্রশাসন ও পুরনিগমের তৎপরতার দিকেই এখন তাকিয়ে এলাকাবাসী।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়