
কলকাতা, ২ সেপ্টেম্বর (হি স)। ‘ডেঙ্গির মরশুম শুরু হয়েছে। তাই এখন থেকেই আমাদের প্রত্যেককে আরও সতর্ক ও দায়িত্বশীল হতে হবে।’
বুধবার এই মন্তব্য করেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল।
রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর। রোগের প্রকোপ ঠেকাতে এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ করছে রাজ্য সরকার। ডেঙ্গি পরিস্থিতি নিয়ে মঙ্গলবারই স্বাস্থ্য দফতরে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷
অগ্নিমিত্রা পাল বলেন, ‘আগামী ৩, ৪ ও ৫ সেপ্টেম্বর রাজ্যজুড়ে স্বচ্ছতা নিয়ে একটি মেগা ড্রাইভ নেওয়া হচ্ছে। স্কুল-কলেজ, আবাসন, অফিস, হোটেল, রেস্তোরাঁ, হাসপাতাল, বিমানবন্দর, সরকারি দফতর থেকে শুরু করে নির্মীয়মাণ এলাকায়– কোথাও যেন জল জমে না থাকে, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে।
তিনি সাংবাদিকদের বলেন, ডেঙ্গির মশা যাতে বংশবিস্তার করতে না পারে, তার জন্য জল জমতে না দেওয়া এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা আমাদের সকলের দায়িত্ব।’
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত