
সোনিপত, ২ সেপ্টেম্বর (হি.স.) : চাষের জমিতে যাওয়ার পথে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে হরিয়ানার সোনিপতের খারখোদা থানা এলাকার থানা খুর্দ গ্রামে। দুর্ঘটনার পর অজ্ঞাতপরিচয় চালক গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, থানা খুর্দ গ্রামের বাসিন্দা ৭০ বছরের নির্মলা দেবী চাষের জমিতে কর্মরত ছেলেকে ডাকতে বাড়ি থেকে বেরিয়ে মাঠের দিকে যাচ্ছিলেন। সেই সময় পথেই নম্বরবিবিহীন একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে। দুর্ঘটনায় গুরুতর জখম হন নির্মলা দেবী। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে চিকিৎসার জন্য সোনিপত সিভিল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে বুধবার অজ্ঞাতপরিচয় গাড়িচালকের বিরুদ্ধে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে খারখোদা থানার পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস