
বর্ধমান, ২০ সেপ্টেম্বর (হি.স.): পূর্ব বর্ধমানের প্রাক্তন বিজেপি জেলা সভাপতি অর্ধেন্দু বিশ্বাসের বাড়িতে শনিবার রাতে পরপর তিনবার হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরে তাঁর নিজের বাড়িতে। পরপর তিনবার হামলার ঘটনায় আতঙ্কিত পরিবারের সদস্যরা।
অর্ধেন্দু বিশ্বাসের দাবি, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, প্রথমে একটি কালো রঙের চারচাকা গাড়ি তাঁর বাড়ির দিকে আসে। তার কিছুক্ষণ পর কয়েকটি বাইকে দু’জন করে দুষ্কৃতী এসে বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।
তবে অভিযোগ, পুলিশ ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পর রাত ১১টার পর ফের হামলা চালানো হয়। এরপর আরও একবার হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন অর্ধেন্দু বিশ্বাস। অর্থাৎ একই রাতে তাঁর বাড়িতে মোট তিনবার হামলা চালানো হয়েছে বলে দাবি।
শনিবার রাতে অর্ধেন্দু বিশ্বাস বলেন, “কে বা কারা হামলা চালাল, এখনও বুঝতে পারিনি। তবে আমার অনুমান, যারা চার তারিখের পর গায়ে গেরুয়া আবির মেখে নব্য বিজেপি হয়েছেন, তারাই এই ঘটনা ঘটাতে পারে।”
ঘটনার পর বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সিসিটিভি ফুটেজও পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। হামলার নেপথ্যে কারা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়