
পশ্চিম বর্ধমান, ২০ সেপ্টেম্বর (হি.স.): চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল পশ্চিম বর্ধমানের বুদবুদ থানার অন্তর্গত মানকর গ্রামীণ হাসপাতাল। ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। উত্তেজিত জনতার বিরুদ্ধে হাসপাতালে ভাঙচুর চালানো এবং চিকিৎসকদের মারধর করার অভিযোগ উঠেছে। দাবি, আতঙ্কে হাসপাতালের ছাদে আশ্রয় নিতে বাধ্য হন অন্য রোগী, তাঁদের পরিজন এবং এমনকি এক প্রসূতিও।
স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে মানকর বাগানপাড়ার বাসিন্দা রবি বাউড়ি শারীরিক অসুস্থতা নিয়ে মানকর গ্রামীণ হাসপাতালে আসেন। তাঁর স্বজনদের দাবি, প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু বাড়ি ফেরার পরেই তাঁর অবস্থার অবনতি ঘটে। পুনরায় তাঁকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপরেই চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিজন ও স্থানীয়রা।
অভিযোগ, বিক্ষোভ চলাকালীন হাসপাতালের বিভিন্ন অংশে ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং কর্মরত চিকিৎসকদের ওপর হামলা চালানো হয়। হামলা ও গোলমালের আশঙ্কায় আতঙ্কিত রোগী ও প্রসূতিরা শিশুসন্তানকে কোলে নিয়ে প্রাণ বাঁচাতে হাসপাতালের ছাদে গিয়ে আশ্রয় নেন। খবর পেয়ে বুদবুদ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ