
কলকাতা, ২৩ সেপ্টেম্বর (হি. স.) : জামিন চেয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন নন্দীগ্রাম উপনির্বাচনে ধৃত কংগ্রেস প্রার্থী মিলন প্রধান৷ বুধবার তাঁর আইনজীবী মিলন মুখোপাধ্যায় আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
পুরনো তিন খুনের মামলা এবং অস্ত্র আইনে দায়ের হওয়া মামলায় নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল৷ সেই গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে কংগ্রেস প্রার্থীকে গ্রেফতার করে পুলিশ৷ আগামী ৫ অক্টোবর পর্যন্ত নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর জেল হেফাজতের নির্দেশ দিয়েছে কাঁথি আদালত৷
আগামী ৬ অক্টোবর নন্দীগ্রামে উপনির্বাচন হওয়ার কথা৷
এ দিন কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে কংগ্রেস প্রার্থীর আইনজীবী বলেন, তাঁর মক্কেল উপনির্বাচনের প্রার্থী। জামিনের আবেদন শুনানি করতে সময় লাগবে। আদালত মামলা দায়েরের অনুমতি দিক। এই মামলার দ্রুত শুনানি করানো হোক। চলতি সপ্তাহেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে হাইকোর্টে৷
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত