
আরারিয়া, ৩ সেপ্টেম্বর (হি.স.) : বিহারে নেপালগামী পাম তেল বোঝাই একটি ট্যাঙ্কার বৃহস্পতিবার বথনাহা টোল প্লাজার কাছে ৫২৭ নম্বর জাতীয় সড়কে ফেটে যায়। এর ফলে প্রচুর পরিমাণ পাম তেল রাস্তায় ছড়িয়ে পড়ে।
রাস্তায় তেল ছড়িয়ে পড়তে দেখে স্থানীয়দের মধ্যে তা সংগ্রহ করার হুড়োহুড়ি পড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে প্রচুর মানুষ জড়ো হন। অনেকেই গ্যালন, বালতি ও বিভিন্ন ধরনের পাত্রে তেল ভরে নিয়ে যেতে শুরু করেন। খবর পেয়ে বথনাহা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।
বথনাহা থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজবীর সাহ পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তেল সংগ্রহ করতে জড়ো হওয়া লোকজনকে সরিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর রাস্তায় ছড়িয়ে থাকা তেল সংগ্রহের কাজ বন্ধ করা হয়। এদিকে টোল প্লাজার কাছে ট্যাঙ্কার ফেটে যাওয়ায় কিছু সময়ের জন্য এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পরে ট্যাঙ্কারের চালক ও সহকারী চালক ফেটে যাওয়া অংশটি মেরামত করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস