
ঝাড়গ্রাম, ৩ সেপ্টেম্বর (হি. স.) : নয়াগ্রামের টোটাসাই গ্রামে গৃহবধূ নিরুপমা সিং (৩০)-কে খুনের ঘটনায় আরও এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম দুর্যোধন সিং। তাঁর বাড়ি টোটাসাই গ্রামেই। বৃহস্পতিবার ধৃতকে ঝাড়গ্রাম জেলা আদালতে তোলা হলে বিচারক ৬ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন।
এই ঘটনায় গত মঙ্গলবার সুশান্ত সিং নামে তাঁদের এক আত্মীয়কে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতেই এদিন দুর্যোধন সিংকে গ্রেফতার করে নয়াগ্রাম থানার পুলিশ।
উল্লেখ্য, গত রবিবার বাড়ির ভিতর থেকে নিরুপমার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। তাঁর মাথা ও কপালে ভারী বস্তু দিয়ে আঘাতের চিহ্ন ছিল। ঘটনার সময় তিনি বাড়িতে একাই ছিলেন বলে জানা গিয়েছে। খুনের কারণ, ব্যবহৃত অস্ত্র এবং এই ঘটনার পেছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে ধৃত দু’জনকে হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো