
বাহরাইচ, ৭ সেপ্টেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের বাহরাইচ জেলার নানপাড়া-লখিমপুর সড়কে রবিবার দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর চালক গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
সোমবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, নগর থানা এলাকার বাসিন্দা ৪৫ বছর বয়সি মহম্মদ সাজিদ মনসুরি মোতিপুর থানা এলাকার মেহিপুরওয়া থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় বাহাদুরপুরওয়ার কাছে দ্রুতগতির একটি গাড়ি তাঁর বাইকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে যান সাজিদ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য নানপাড়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
নানপাড়া থানার পুলিশ আধিকারিক গুরুসেন সিং জানান, মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে গাড়িটির বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। পলাতক গাড়িচালকের খোঁজে তল্লাশি চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস