
দেহরি অন সোন, ৭ সেপ্টেম্বর (হি.স.) : বিহারের রোহতাস জেলায় বাড়ির ছাদে ঘুমিয়ে থাকা অবস্থায় দুইজনকে গুলি করে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার ভোর প্রায় ৩টের সময় সাসারাম মুফস্সিল থানা এলাকার বেদা-বনরসিয়া গ্রামে ঘটনাটি ঘটে।
সোমবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম মণি ভূষণ কুমার (৪০) এবং ননকি দেবী (৪০)। দুষ্কৃতীরা বাড়ির ছাদে ঘুমিয়ে থাকা ওই দু'জনকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। নিহত ননকি দেবীর ছেলে অভিষেক কুমার জানান, ভোর প্রায় ৩টের সময় গুলির শব্দ শুনে তিনি ঘর থেকে বেরিয়ে আসেন। সেই সময় অন্ধকারে কয়েকজনকে ছাদ থেকে নেমে পালিয়ে যেতে দেখেন তিনি। পরে ছাদে গিয়ে দেখেন, গুলিবিদ্ধ অবস্থায় দু'জনেরই মৃত্যু হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে। মুফস্সিল থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজীব রঞ্জন সিং ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কী কারণে এই খুন, তা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস