গুলজার সিংয়ের মৃত্যু নিয়ে ভগবন্ত মানের পদত্যাগ দাবি বিজেপির
নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (হি.স.): পঞ্জাবের সঙ্গরুরের বাসিন্দা দলিত সম্প্রদায়ের গুলজার সিংয়ের মৃত্যুর ঘটনায় রাজ্যের আম আদমি পার্টি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাল ভারতীয় জনতা পার্টি। বিজেপির অভিযোগ, পঞ্জাবে মুখ্যমন্ত্রীর নাকের ডগায় মাদকের কারবার
গুলজার সিংয়ের মৃত্যু নিয়ে ভগবন্ত মানের পদত্যাগ দাবি বিজেপির


নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (হি.স.): পঞ্জাবের সঙ্গরুরের বাসিন্দা দলিত সম্প্রদায়ের গুলজার সিংয়ের মৃত্যুর ঘটনায় রাজ্যের আম আদমি পার্টি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাল ভারতীয় জনতা পার্টি। বিজেপির অভিযোগ, পঞ্জাবে মুখ্যমন্ত্রীর নাকের ডগায় মাদকের কারবার রমরমিয়ে চলছে। অথচ তা রুখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে সরকার। এই ঘটনায় নৈতিক দায়িত্ব নিয়ে মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের পদত্যাগ দাবি করেছে বিজেপি। পাশাপাশি গোটা ঘটনার নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার বিজেপি সদর দফতরে আয়োজিত সাংবাদিক বৈঠকে দলের মুখপাত্র গৌরব ভাটিয়া বলেন, পঞ্জাবে বাড়তে থাকা মাদকের কারবার নিয়ে অর্থমন্ত্রী হরপাল সিং চিমার কাছে প্রশ্ন তুলেছিলেন গুলজার সিং। মন্ত্রীর গ্রামে সফরের সময় তিনি তাঁকে জানিয়েছিলেন, তাঁর ছেলে চিট্টে (মাদক)-এর নেশায় আসক্ত। ছেলের চিকিৎসার খরচ জোগাতে তাঁকে বাড়ির মূল্যবান সামগ্রী পর্যন্ত বিক্রি করতে হয়েছে। তা সত্ত্বেও সরকার কোনও ব্যবস্থা নেয়নি।

বিজেপি মুখপাত্রের অভিযোগ, মন্ত্রীকে প্রশ্ন করার পর গুলজার সিংকে ক্ষমা চাওয়ার জন্য চাপ দেওয়া হয় এবং অভিযোগ, তাঁকে হেনস্থাও করা হয়েছিল। এরপর তিনি বিষপান করেন। মৃত্যুর আগে তৈরি করা একটি ভিডিওতে গুলজার সিং হরপাল সিং চিমা এবং গ্রামের সরপঞ্চকে তাঁর মৃত্যুর জন্য দায়ী করেন।

গৌরব ভাটিয়া বলেন, আইনে মৃত্যুর আগে দেওয়া বক্তব্য বা ‘ডাইং ডিক্লারেশন’-কে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচনা করা হয়। তাই নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হরপাল সিং চিমার অবিলম্বে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করা উচিত। মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের উদ্দেশে তিনি প্রশ্ন তোলেন, গুলজার সিং যেহেতু তফসিলি জাতি সম্প্রদায়ের ছিলেন, সেক্ষেত্রে তফসিলি জাতি ও উপজাতির উপর অত্যাচার প্রতিরোধ আইনের আওতায় কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কি না। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে কি না এবং এখনও পর্যন্ত মন্ত্রীকে পদ থেকে কেন সরানো হয়নি, সেই প্রশ্নও তোলেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande