
নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা তৃণমূল নেতা মুকুল রায় রবিবার গভীর রাতে প্রয়াত হয়েছেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করলেন ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সোমবার সকালে সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে খাড়গে লিখেছেন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুকুল রায়ের প্রয়াণে গভীর ভাবে শোকাহত। ভারতীয় যুব কংগ্রেসের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন এবং পশ্চিমবঙ্গের মানুষের জন্য উনি নিষ্ঠার সঙ্গে বহু বছর কাজ করেছেন। ওঁর সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূল স্তরের রাজনীতি গভীর ভাবে বোঝার ক্ষমতার জন্য সব জায়গা থেকে উনি সম্মান পেয়েছেন। ওঁর পরিবার এবং অনুরাগীদের প্রতি সমবেদনা জানাই।
উল্লেখ্য, কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন রবিবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুকুল রায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭১ বছর। একাধিক শারীরিক সমস্যা নিয়ে দীর্ঘ দিন ধরেই নিউ টাউনের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। রবিবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ দিন ধরেই কিডনি-সহ একাধিক শারীরিক সমস্যার কারণে অসুস্থ ছিলেন মুকুল। মাঝে মধ্যেই তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হত। তৃণমূল দলের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। এক সময়ে রাজ্যসভার সদস্য পদের দায়িত্বও সামলেছেন তিনি। জাহাজ মন্ত্রকের দায়িত্ব সামলানোর পরে রেলমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন মুকুল।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ