
গ্যাংটক, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): সিকিমের উচ্চ পার্বত্য অঞ্চলে ভারী তুষারপাত হয়েছে। হঠাৎ তুষারপাতের ফলে পূর্ব সিকিমের উচ্চ পার্বত্য অঞ্চলে (হিমালয়ের উঁচু অংশে) বেড়াতে আসা পর্যটকরা আটকে পড়েন। জানা গেছে, আটকে পড়া পর্যটকদের ভারতীয় জওয়ানরা উদ্ধার করেছে।
ভারতীয় সেনাবাহিনীর জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, রবিবার হঠাৎ ভারী তুষারপাত হয়, এর জেরে বেশ কিছু রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করে দিতে হয়। পর্যটকরা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হন। পরিস্থিতির গুরুত্ব বিচার করে ভারতীয় সেনাবাহিনী অপারেশন হিমরাহাত এর মাধ্যমে দ্রুততার সঙ্গে প্রতিকূল এলাকায় ত্রাণ পৌঁছে দেয় ও উদ্ধার অভিযান শুরু করে।
এই অভিযানে এখনও পর্যন্ত মোট ৪৬ জন পর্যটককে নিরাপদে নিকটবর্তী একটি সেনা ছাউনিতে স্থানান্তরিত করা হয়। ছাউনিতে পর্যটকদের আশ্রয় ও খাবারের পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা করা হয় ও প্রয়োজনমাফিক চিকিৎসা দেওয়া হয়। পর্যটকদের উদ্ধারের পাশাপাশি জওয়ানরা পর্যটকদের দেড়শোটিরও বেশি গাড়ি নিরাপদে সরিয়ে নিতে সহায়তা করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ