
মুম্বই, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): প্লেব্যাক গান থেকে অবসর ঘোষণার প্রায় এক মাস পর প্রথমবার প্রকাশ্যে নিজের অবস্থান স্পষ্ট করলেন জনপ্রিয় সংগীত শিল্পী অরিজিৎ সিং। সামাজিক মাধ্যম ‘এক্স’-এ প্রকাশিত এক দীর্ঘ বার্তায় তিনি জানিয়েছেন, আপাতত নতুন গান গ্রহণ না করলেও এর অর্থ এই নয় যে তাঁর কণ্ঠ আর শোনা যাবে না।
অরিজিৎ সিং জানান, পূর্বে তাঁর একাধিক রেকর্ড করা ও অসম্পূর্ণ প্রকল্প এখনও প্রকাশের অপেক্ষায় রয়েছে। সেগুলি চলতি বছর এবং সম্ভবত আগামী বছরেও পর্যায়ক্রমে প্রকাশিত হবে। ফলে শ্রোতারা আগামী দিনে তাঁর কণ্ঠে নতুন গান শোনা থেকে বঞ্চিত হবেন না বলেই ইঙ্গিত মিলেছে।
বার্তায় শিল্পী তাঁর শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, এই বার্তা মূলত তাঁদের জন্যই, যাঁরা তাঁকে শোনেন। অনুরাগীদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি এই কঠিন সময়ে তাঁদের সহানুভূতির কথাও উল্লেখ করেন।
নিজের সিদ্ধান্ত নিয়ে চলা আলোচনা প্রসঙ্গে অরিজিৎ অনুরোধ করেছেন, যাতে অনুরাগীরা কোনও ধরনের বিতর্ক বা ব্যাখ্যায় না জড়ান। তাঁর মতে, বারবার ব্যাখ্যার পরিবর্তে শান্ত থাকাই শ্রেয়। পাশাপাশি তিনি ধ্যান, নিজের যত্ন এবং মানসিক শান্তির উপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন।
বার্তার শেষে ‘জয় দেবী’ লিখে তিনি যোগ করেন, “যাই হোক, কে জানে আগে কী হবে।” এই শেষ মন্তব্যই অনুরাগীদের মধ্যে নতুন করে নানা জল্পনার জন্ম দিয়েছে। তবে আপাতত এটুকু স্পষ্ট, অরিজিৎ সিং পুরোপুরি সঙ্গীতজগৎ থেকে সরে যাচ্ছেন না, কিন্তু তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য