
চেন্নাই, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরকোন্ডার বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সম্পূর্ণ ব্যক্তিগত পরিসরে আয়োজিত এই অনুষ্ঠানে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদেরই আমন্ত্রণ জানানো হয়েছে। বিয়ের বিভিন্ন পর্বে দুই পরিবারের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন ঘটবে।
জানা গেছে , ২৬ ফেব্রুয়ারি সকালে দু’জন তেলুগু হিন্দু রীতি অনুযায়ী বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। এর পর সন্ধ্যায় রশ্মিকার নিজস্ব কোডাভা সম্প্রদায়ের প্রথা মেনে আলাদা একটি আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। বিয়ের আগে একটি পারিবারিক রীতি অনুযায়ী বিজয় দেবেরকোন্ডার মা মাধবী দেবেরকোন্ডার তাঁর ভবিষ্যৎ পুত্রবধূকে পারিবারিক ঐতিহ্যবাহী চুড়ি উপহার দেন।
উল্লেখ্য, চলতি মাসের ২২ তারিখে সামাজিক মাধ্যমে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন এই তারকা জুটি। বিয়ের অনুষ্ঠানে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতের কয়েকজন নির্বাচিত পরিচালক, অভিনেতা ও শিল্পমহলের ঘনিষ্ঠ ব্যক্তিরা উপস্থিত রয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য