
নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি (হি. স.) : সপ্তাহের তৃতীয় দিন বুধবার ভারতীয় শেয়ার বাজার সামান্য উত্থানের মধ্য দিয়ে এক প্রকার স্থিতিশীল অবস্থায় বন্ধ হয়েছে। এদিন সেনসেক্স ৫০ পয়েন্ট এবং নিফটি ৫৮ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। লেনদেন চলাকালীন এক সময়ে সেনসেক্স ৭৩১.৯৯ পয়েন্ট বেড়ে ৮২,৯৫৭.৯১ পয়েন্টে পৌঁছে গিয়েছিল। শেষ পর্যন্ত ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) নিফটি ৫৭.৮৫ পয়েন্ট বা ০.২৩ শতাংশ বেড়ে ২৫,৪৮২.৫০ স্তরে বন্ধ হয়। অন্যদিকে, বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সেনসেক্স ৫০.১৫ পয়েন্ট বা ০.০৬১ শতাংশ লাফিয়ে ৮২,২৭৬.০৭ স্তরে থিতু হয়েছে।
সেনসেক্সের অন্তর্ভুক্ত ৩০টি প্রথম সারির কোম্পানির মধ্যে এইচসিএল টেক, টাটা স্টিল, টিসিএস, ইন্ডিগো, সান ফার্মা, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, মারুতি সুজুকি এবং টেক মহিন্দ্রার শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। তবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আদানি পোর্টস এবং জোম্যাটোর মতো শেয়ারগুলো দরপতনের তালিকায় ছিল। এশিয়ার অন্যান্য বাজারগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়ার কসপি, চিনের সাংহাই কম্পোজিট, জাপানের নিক্কেই এবং হংকংয়ের হ্যাংসেং উল্লেখযোগ্য লাভের মুখ দেখেছে। পাশাপাশি ইউরোপীয় বাজারগুলোতেও ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গিয়েছে। বিশ্ব বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ০.১৪ শতাংশ কমে ব্যারেল প্রতি ৭০.৬৭ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রা বাজারে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম ৯০.৯৫-এ স্থির রয়েছে। উল্লেখ্য, আগের দিন অর্থাৎ মঙ্গলবার সেনসেক্স ১০৬৮.৭৪ পয়েন্ট এবং নিফটি ২২৮.৩৫ পয়েন্টের বড় পতনের সাক্ষী হয়েছিল।
হিন্দুস্থান সমাচার / সোনালি