
রায়পুর, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): ছত্তিশগড় সরকারের পুনর্বাসন নীতির আওতায় আত্মসমর্পণ করে মূলস্রোতে ফিরে আসা ১২০ জন প্রাক্তন মাওবাদী শুক্রবার ছত্তিশগড় বিধানসভায় উপস্থিত হয়ে বিধানসভার কার্যক্রম প্রত্যক্ষ করেন। এই উদ্যোগের লক্ষ্য ছিল তাঁদের গণতান্ত্রিক ব্যবস্থা ও ভোটাধিকার সম্পর্কে অবহিত করা।
এই দলে ৬৬ জন পুরুষ ও ৫৪ জন মহিলা ছিলেন। মাওবাদীদের সেন্ট্রাল কমিটির প্রাক্তন সদস্য রূপেশ, বাসভ, চৈতু, ললিতা এবং রাজুও উপস্থিত ছিলেন।
সরকারি সূত্রে জানানো হয়েছে, ২০১৩ সালের ঝিরাম ঘাঁটি হামলার কথিত মাস্টারমাইন্ড চৈতু দীর্ঘ ৩৫ বছর জঙ্গলে আত্মগোপন করে থাকার পর ২০২৫ সালের নভেম্বর মাসে আত্মসমর্পণ করেন। তাঁর মাথার দাম ছিল ২৫ লক্ষ টাকা। চৈতু বর্তমানে স্বাভাবিক জীবনে ফিরছেন।
বিধানসভার অধ্যক্ষ ও সদস্যরা তাঁদের স্বাগত জানান এবং মূলস্রোতে ফিরে আসার জন্য শুভেচ্ছা জানান। উপমুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী বিজয় শর্মা জানান, এখনও পর্যন্ত রাজ্যে মোট ২,৯৩৭ জন মাওবাদী পুনর্বাসন নীতির মাধ্যমে সমাজের মূলস্রোতে যুক্ত হয়েছেন। তিনি বলেন, হিংসার পথ ছেড়ে গণতন্ত্রে ফিরে আসাদের সম্মান জানানোই গণতান্ত্রিক ব্যবস্থার শক্তি।
উল্লেখ্য, বিধানসভা পরিদর্শনের আগে বৃহস্পতিবার রাতে উপমুখ্যমন্ত্রী তাঁর বাসভবনে আত্মসমর্পন করা প্রাক্তন মাওবাদীদের জন্য নৈশভোজের আয়োজন করেন এবং পুনর্বাসন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তাঁদের সঙ্গে মতবিনিময় করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য