
নয়াদিল্লি, ১ মার্চ (হি.স.) : বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে সোমবারের জন্য সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিবার সিবিএসই কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড-এর তরফে জানানো হয়েছে, বাহরাইন, ইরান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহী (ইউএই)-তে অবস্থিত সংশ্লিষ্ট বিদ্যালয়গুলির ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে। আগামী ২ মার্চ নির্ধারিত পরীক্ষাগুলির নতুন তারিখ পরে জানানো হবে বলে বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে।
সিবিএসই সূত্রে আরও জানানো হয়েছে, ৩ মার্চ পরিস্থিতি পর্যালোচনা করা হবে। তার ভিত্তিতেই ৫ মার্চ এবং তার পরবর্তী তারিখগুলিতে নির্ধারিত পরীক্ষাগুলি হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. সান্যম ভরদ্বাজের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পরামর্শ দেওয়া হয়েছে, পরীক্ষার্থী ও অভিভাবকদের সংশ্লিষ্ট বিদ্যালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার এবং শুধুমাত্র বোর্ডের সরকারি বিজ্ঞপ্তির উপরই নির্ভর করার।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য