
ভোপাল, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): ভারতীয় স্বাধীনতা সংগ্রামের অন্যতম মহান বিপ্লবী চন্দ্রশেখর আজাদ-এর প্রয়াণ (আত্মবলিদান) দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব।
এক বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, মাতৃভূমির স্বাধীনতার জন্য চন্দ্রশেখর আজাদের আত্মত্যাগ প্রতিটি দেশপ্রেমিকের কাছে প্রেরণা ও শক্তির উৎস। তাঁর সাহস, দৃঢ়তা ও আত্মবলিদান দেশের ইতিহাসে এক অনন্য ও গৌরবোজ্জ্বল অধ্যায়।
প্রসঙ্গত, ১৯৩১ সালের ২৭ ফেব্রুয়ারি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে উত্তর প্রদেশের এলাহাবাদে আলফ্রেড পার্ক-এ ব্রিটিশ পুলিশের সঙ্গে বীরত্বপূর্ণ সংগ্রামে আত্মবলিদান করেন চন্দ্রশেখর আজাদ। ‘আজাদ’ নামেই তিনি আজও ভারতীয় স্বাধীনতা আন্দোলনে সাহস, আত্মমর্যাদা ও আপসহীন দেশপ্রেমের প্রতীক হিসেবে স্মরণীয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য