
নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৮ ফেব্রুয়ারি এবং ১ মার্চ দেশের তিন গুরুত্বপূর্ণ রাজ্য—গুজরাট, রাজস্থান, তামিলনাড়ু এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি সফরে থাকছেন। এই সফরকালে তিনি মোট ২৩ হাজার কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এই দীর্ঘ কর্মসূচির প্রধান আকর্ষণ হতে চলেছে ভারতের প্রথম স্বদেশী সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন কেন্দ্রের সূচনা এবং কন্যা শিশুদের জন্য জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে দেশব্যাপী টিকাকরণ অভিযান।
২৮ ফেব্রুয়ারি সকাল ১১ :৩০ মিনিটে প্রধানমন্ত্রী রাজস্থানের আজমেরে ১৬,৬৮০ কোটি টাকার প্রকল্পের উপহার দেবেন। সেখান থেকেই তিনি ১৪ বছর বয়সী কন্যা শিশুদের সারভাইকাল ক্যান্সার প্রতিরোধের জন্য দেশব্যাপী এইচপিভি টিকাকরণ অভিযানের সূচনা করবেন। একইসঙ্গে সড়ক যোগাযোগের ক্ষেত্রে এক বিরাট অগ্রগতি সাধন করে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন করবেন, যার মধ্যে রয়েছে বান্দিকুই থেকে জয়পুর পর্যন্ত ৪-লেনের গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে, অমৃতসর-জামনগর অর্থনৈতিক করিডোরের প্যাকেজ ৭-এ ৬-লেনের অ্যাক্সেস নিয়ন্ত্রিত গ্রিন হাইওয়ে এবং দিল্লি-বডোদরা অ্যাক্সেস নিয়ন্ত্রিত গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের প্যাকেজ ১৪-এ ৮-লেনের ক্যারেজওয়ে।তাছাড়া তিনি যোধপুর শহরে ৪-লেনের এলিভেটেড রোড, বারান জেলায় মালাবমোরি-ম্যাংরোল-বারান রাজ্য মহাসড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
সকলের জন্য নিরাপদ ও পরিষ্কার পানীয় জল নিশ্চিত করার সরকারের প্রতিশ্রুতি অনুসারে, প্রধানমন্ত্রী নোনেরা মেজর পানীয় জল প্রকল্পের চারটি প্যাকেজ এবং পারওয়ান আকাওয়াদ মেজর পানীয় জল প্রকল্পের পাঁচটি প্যাকেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
রাজস্থানের নবায়নযোগ্য জ্বালানি পরিকাঠামো শক্তিশালীকরণ এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলি থেকে নিরবচ্ছিন্ন সঞ্চালন নিশ্চিত করতে, প্রধানমন্ত্রী রাজস্থানের নবায়নযোগ্য জ্বালানি অঞ্চল (আরইজেড) থেকে বিদ্যুৎ উত্তোলনের জন্য সঞ্চালন ব্যবস্থার উদ্বোধন করবেন। তিনি পাঁচটি ২২০ কেভি গ্রিড সাবস্টেশন এবং দুটি ৪০০ কেভি গ্রিড সাবস্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং সংশ্লিষ্ট সঞ্চালন লাইনও স্থাপন করবেন।
কর্মসংস্থান সৃষ্টি এবং যুব ক্ষমতায়নের প্রতি তাঁর প্রতিশ্রুতিকে আরও জোরদার করে, প্রধানমন্ত্রী রাজস্থানের বিভিন্ন সরকারি বিভাগ এবং সংস্থায় নবনিযুক্ত ২১,৮০০ জনেরও বেশি যুবককে নিয়োগপত্র বিতরণ করবেন।
ওই দিনই দুপুর ৩:৪৫ মিনিটে প্রধানমন্ত্রী গুজরাটের সানন্দে ‘মাইক্রন টেকনোলজি’-র সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি, টেস্ট এবং প্যাকেজিং (এটিএমপি) কেন্দ্রের উদ্বোধন করবেন। ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশনের আওতায় এটিই প্রথম অনুমোদিত প্রকল্প, যেখান থেকে ভারতে তৈরি প্রথম সেমিকন্ডাক্টর মেমরি মডিউলের বাণিজ্যিক উৎপাদন ও শিপমেন্ট শুরু হবে। ২২,৫০০ কোটি টাকারও বেশি বিনিয়োগে তৈরি এই কারখানায় বিশ্বের বৃহত্তম ‘ক্লিনরুম’ এলাকা গড়ে তোলা হয়েছে।
সফরের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী ২৮ ফেব্রুয়ারি রাতে চেন্নাই পৌঁছাবেন এবং পরদিন ১ মার্চ দক্ষিণ ভারতের একগুচ্ছ উন্নয়নমূলক কাজে অংশ নেবেন। রবিবার বেলা ১১টা ৪৫ নাগাদ প্রধানমন্ত্রী পুদুচেরিতে ২,৭০০ কোটি টাকারও বেশি বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। তিনি সেখানে একটি জনসভাতেও ভাষণ দেবেন।
এরপর প্রধানমন্ত্রী মাদুরাই যাবেন সেখানে তিনি ৪,৪০০ কোটি টাকারও বেশি বিভিন্ন পরিকাঠামো প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। একটি জনসভাতেও ভাষণ দেবেন তিনি। বেলা ৪টে নাগাদ প্রধানমন্ত্রী তিরুপুরনকুন্দ্রামে আরুলমিগু সুব্রক্ষ্মণ্যস্বামী মন্দিরে পুজার্চনায় যোগ দেবেন।
পুদুচেরিতে পরিকাঠামোকে শক্তিশালী করা, শহরের পরিষেবা বৃদ্ধি, শিল্পোন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং সেখানকার সুস্থায়ী বিকাশে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন, ভিত্তি প্রস্তর স্থাপন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী।
পিএম ই-বাস সেবা উদ্যোগের অঙ্গ হিসেবে ই-বাস পরিষেবা চালু করবেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে স্মার্ট সিটি মিশনের অধীন উদ্যোগ এবং আর্থিকভাবে দুর্বল শ্রেণীদের জন্য আশ্রয় গড়ে তোলা, নিকাশি ব্যবস্থা এবং নলবাহিত পরিশ্রুত পাণীয় জল সরবরাহ প্রকল্পেরও তিনি সূচনা করবেন। জিমপার রিজিওন্যাল ক্যান্সার সেন্টারের আধুনিকীকরণ, পুদুচেরি বিশ্ববিদ্যালয়ের নতুন অ্যানেক্স বিল্ডিং, হোস্টেল এবং লেকচার হলের উদ্বোধন, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রকে উন্নত করতে একগুচ্ছ প্রকল্পের সূচনা করবেন।
প্রধানমন্ত্রী মাদুরাই-এ জাতীয় সড়ক উন্নয়ন সহ একগুচ্ছ রেল প্রকল্পেরও সূচনা করবেন। অমৃত ভারত স্টেশন প্রকল্পে নতুন করে গড়ে তোলা ৮টি রেল স্টেশনের তিনি উদ্বোধন করবেন। চেন্নাই মফস্বল এলাকায় রেল সংযোগ সম্প্রসারণে চেন্নাই বিচ, চেন্নাই এগমোর চতুর্থ রেল লাইন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। এতে এলাকায় রেল ও পণ্য চলাচল বৃদ্ধি পাবে। সেইসঙ্গে অফিসের নিত্যযাত্রী এবং বিভিন্ন পেশাগত ক্ষেত্রে যুক্তরাও উপকৃত হবেন।
তামিলনাড়ুতে সম্প্রচার পরিষেবার উন্নতি সাধনে প্রধানমন্ত্রী কুম্বাকোন্নাম, ইয়ারকাড এবং ভেলোরে ৩টি নতুন আকাশবাণী এফএম রিলে ট্রান্সমিটারের উদ্বোধন করবেন। এই ট্রান্সমিটারগুলি আঞ্চলিক কভারেজের প্রসার ঘটাবে সেইসঙ্গে বিঘ্নহীন এফএম সম্প্রচার নিশ্চিত করবে। রাজ্যে নানাবিধ জেলা জুড়ে জন সম্প্রচারের সুযোগ এরফলে বৃদ্ধি পাবে।
হিন্দুস্থান সমাচার / সোনালি