
পুণে, ২৭ ফেব্রুয়ারি (হি. স.): পুণে জেলার ইন্দাপুর এলাকায় পুণে–সোলাপুর জাতীয় সড়ক-এ গাড়ি ও পিকআপ ভ্যানের সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন, যাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে পিকআপ ভ্যানটির চাকা পাংচার হয়ে যাওয়ায় সেটিকে সড়কের ধারে দাঁড় করানো হয়েছিল। সেই সময় একটি নিয়ন্ত্রণ হারানো গাড়ি পেছন থেকে পিকআপটিকে ধাক্কা মারে। গাড়িতে ছয়জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
এক পুলিশ আধিকারিক জানান, অদিতি অমর হাটেকার (২৫), সাখুবাই ঈশ্বর গেজেগে (৬০), এবং জয় অমর হাটেকার (২) নিহত হয়েছেন এবং চালক কবিরদাস ঈশ্বর গেজেগে (৫০), স্বাতী কবিরদাস গেজেগে (৩৪) এবং সমৃদ্ধি কবিরদাস গেজেগে (১০) আহত হয়েছেন।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য