
নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি (হি. স.): অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া জেলার একটি কারখানায় ঘটা ভয়াবহ বিস্ফোরণে একাধিক ব্যক্তির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে, প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে প্রত্যেক নিহতের পরিবারকে ২ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
রাষ্ট্রপতি এক্স হ্যান্ডেলে এক বার্তায় জানিয়েছেন যে, কাকিনাড়া জেলার একটি কারখানায় বিস্ফোরণের ফলে বহু মানুষের মৃত্যুর সংবাদ অত্যন্ত বেদনাদায়ক। তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
প্রধানমন্ত্রী দফতর থেকেও এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, কাকিনাড়া জেলার কারখানায় বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় তিনি শোকাহত এবং যারা স্বজন হারিয়েছেন তাঁদের প্রতি সমবেদনা জানাচ্ছেন। সেই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।
প্রধানমন্ত্রী দফতরের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে প্রত্যেক নিহতের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
হিন্দুস্থান সমাচার / সোনালি