
লা পেজ, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): বলিভিয়ার রাজধানী লা পেজ শহরের কাছে দুর্ঘটনার কবলে পড়ল একটি কার্গো বিমান। বিমানবন্দরের সামনের রাস্তাতেই মুখ থুবড়ে পড়ে সেনাবাহিনীর বিমানটি। ওই বিমানটিতে টাকার বান্ডিল নিয়ে যাওয়া হচ্ছিল। দুর্ঘটনার পর বহু নোট রাস্তায় ছড়িয়ে পড়ে। সেগুলি কুড়িয়ে নিতে জড়ো হন অনেকে। তবে বিমানের ধ্বংসাবশেষের ধাক্কায় হাইওয়ের উপর বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ১৫ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে।
লা পেজ লাগোয়া এল অল্টো শহরে স্থানীয় সময় অনুযায়ী, শুক্রবার বিমান দুর্ঘটনা ঘটেছে। বলিভিয়ার সেনাবাহিনীর ওই বিমান দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক থেকে সদ্য ছাপা নোট নিয়ে বেরিয়েছিল। বিভিন্ন শহরে তা পৌঁছে দেওয়ার কথা ছিল। মনে করা হচ্ছে, অবতরণের সময়েই পাইলট বিমানের নিয়ন্ত্রণ হারান। দুর্ঘটনার ফলে অন্তত ১৫টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। যাঁদের মৃত্যু হয়েছে, তাঁরা বিমানের ভিতরে ছিলেন না রাস্তার উপরে থাকা গাড়িগুলিতে ছিলেন, এখনও স্পষ্ট নয়। অনেকে আহতও হয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ