


।। রাজীব দে ।।
ঢাকা, ২৮ ফেব্ৰুয়ারি (হি.স.) : রাজধানী ঢাকায় গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন (জিবিএসপিএফ) মেধাবী কিন্তু সুবিধাবঞ্চিত ৮৫ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করেছে। বেলা ১১টায় আয়োজিত এক বার্ষিক বৃত্তি বিতরণী অনুষ্ঠানে এই বৃত্তিগুলো দেওয়া হয়।
ঢাকা সহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীরা এই বৃত্তি পেয়েছেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল-এর প্রভোস্ট দেবাশিস পাল। অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রাক্তন সভাপতি ও সাধারণ সম্পাদকদের পাশাপাশি শিক্ষার্থীদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা শিক্ষার ক্ষেত্রে সামাজিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “একটি জাতির আসল সম্পদ হলো তার তরুণ প্রজন্ম এবং শিক্ষাই হলো সেই চাবিকাঠি যা তাদের অসীম সম্ভাবনার দ্বার উন্মোচন করে।”
ভারতীয় দূত আরও বলেন, গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি এমন একটি গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব পালন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। উল্লেখ্য, এটি জিবিএসপিএফ-এর বৃত্তি কার্যক্রমের চতুর্থ বছর।
অনুষ্ঠানে আরও বক্তব্য পেশ করেছেন জিবিএসপিএফ-এর সভাপতি জেএল ভৌমিক এবং বৃত্তি উপ-কমিটির আহ্বায়ক সুভাষচন্দ্র ঘোষ।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস