
নয়াদিল্লি, ১ মার্চ (হি.স.): বিদেশি নাগরিকদের পরামর্শ দিল ভারতের বিদেশ মন্ত্রক। রবিবার সকালে এক বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতির জন্য যে সব বিদেশি নাগরিককে ভ্রমণ পরিকল্পনা পাল্টাতে হয়েছে বা ভিসার মেয়াদ বাড়ানো এবং ভারতে থাকার জন্য নির্ধারিত সময়সীমা বৃদ্ধির প্রয়োজন তাঁরা যেন নিকটবর্তী ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)-এ যোগাযোগ করেন'। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইটেও জানানো হয়েছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক।
উল্লেখ্য, আমেরিকা ও ইজরায়েলের যৌথ আক্রমণে নিহত ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই। এই পরিস্থিতিতে গোটা বিশ্বেই এক অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। মধ্যে প্রাচ্যে যুদ্ধ-অশান্তির বাতাবরণ। পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ অংশে বিমান চলাচল বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে দিল্লি বিমানবন্দর থেকে বাতিল করা হয়েছে অনেক বিমান। শুধুমাত্র দিল্লি নয়, মধ্য প্রাচ্যের পরিস্থিতির জন্য মুম্বই বিমানবন্দরেও বাতিল করা হয়েছে বিমান। ফলে যাত্রীরা অসুবিধার সম্মুখীন হচ্ছেন।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ