
নাগপুর, ১ মার্চ (হি.স.): মহারাষ্ট্রের নাগপুরে এসবিএল এনার্জি লিমিটেড বিস্ফোরণে মৃত্যু হয়েছে ১৫ জনের। এছাড়াও কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন। নাগপুর গ্রামীণের এসপি হর্ষ পোদ্দার রবিবার সকালে এমনটাই জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, রবিবার সকালে নাগপুর শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে কলমেশ্বর তালুকার রাউলগাঁও গ্রামে একটি গোলাবারুদ তৈরির কোম্পানিতে বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে ১৫ জন মারা গিয়েছেন এবং ১৮ জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে বেশিরভাগই মহিলা।
নোনাল ক্রিমিং প্ল্যান্ট এলাকায় রবিবার সকাল ৬.৪৫ মিনিটে এই শক্তিশালী বিস্ফোরণ হয়, যার ফলে ব্যাপক অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ঘটনার সময় দু'জন তত্ত্বাবধায়কের অধীনে প্রায় ৩৫ জন কর্মী উপস্থিত ছিলেন। এই কোম্পানিটি বিস্ফোরক তৈরির একটি প্রধান প্রস্তুতকারক, যার মধ্যে রয়েছে খনি এবং পরিকাঠামো প্রকল্পের জন্য ব্যবহৃত উপকরণ, যেমন ডেটোনেটর প্রভৃতি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ