
কলকাতা, ১ মার্চ (হি. স.) : মধ্যে প্রাচ্যে যুদ্ধ-অশান্তির বাতাবরণ। পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ অংশে বিমান চলাচল বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে দিল্লি বিমানবন্দর থেকে বাতিল করা হয়েছে অনেক বিমান। শুধুমাত্র দিল্লি নয়, মধ্য প্রাচ্যের পরিস্থিতির জন্য মুম্বই বিমানবন্দরেও বাতিল করা হয়েছে বিমান। ফলে যাত্রীরা অসুবিধার সম্মুখীন হচ্ছেন।
রবিবার এক ভ্রমণ পরামর্শ জারি করে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকাগামী একাধিক উড়ান নির্ধারিত সময়ে নাও চলতে পারে। যাত্রীদের বিমানবন্দরে রওনা দেওয়ার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিমানবন্দর সূত্রে খবর, এখনও পর্যন্ত প্রায় ১০০টি উড়ান বাতিল হয়েছে—একই ছবি মুম্বইতেও। সেখানে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২৫টি উড়ান বাতিল হয়েছে। তিরুচিরাপল্লী আন্তর্জাতিক বিমানবন্দর-এ ১ মার্চ ১৭টি আগমন ও ১৬টি যাত্রা, ২ মার্চ আরও ৫টি উড়ান বাতিল হয়েছে।
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস জানিয়েছে, ইরান ও মধ্যপ্রাচ্যের কিছু আকাশপথ বন্ধ থাকায় ১১০টিরও বেশি উড়ান বাতিল করতে হয়েছে।
উল্লেখ্য, শনিবার সকাল থেকে ইরানে আক্রমণ শুরু করে ইজরায়েল। পরে আমেরিকার সেনাও হামলায় সহায়তা করে। যৌথ হামলায় মুহুর্মুহু বোমা, ক্ষেপণাস্ত্র, ড্রোন আছড়ে পড়ছিল তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। পাল্টা প্রত্যাঘাত করে ইরানের বাহিনীও। তারা শুধু ইজরায়েলে নয়, সমগ্র পশ্চিম এশিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিগুলিকে নিশানা করে। সংযুক্ত আরব আমিরশাহির দুবাই, আবু ধাবিতে বোমা পড়ে। খালি করা হয় বুর্জ খলিফাও। এ ছাড়া, কাতার এবং সৌদি আরবেও ইরান হামলা চালিয়েছে আমেরিকার ঘাঁটি লক্ষ্য করে। পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ অংশে বিমান চলাচল বন্ধ রয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত