
শেওড়াফুলি, ১৬ মার্চ (হি.স.) : হুগলি জেলার রিটেল ও লাইফস্টাইল মানচিত্রে এক নতুন মাইলফলক স্থাপিত হলো। সোমবার শেওড়াফুলির মাহেশ এলাকায় জি.টি. রোডের ওপর নিজেদের প্রথম শপিং মল ‘এলকোভ ত্রিবেণী ওমনিপ্লেক্স’-এর সফট লঞ্চ করল এলকোভ রিয়েলটি। উদ্বোধনী দিনেই স্থানীয় বাসিন্দা ছাড়াও দূরদূরান্ত থেকে আসা তরুণ ক্রেতা ও সাধারণ মানুষের ভিড়ে মল চত্বর ছিল কানায় কানায় পূর্ণ।প্রায় ২.৫ লক্ষ স্কোয়ার ফুট এলাকা জুড়ে বিস্তৃত এই সাত তলা ওমনিপ্লেক্সটি আধুনিক জীবনযাত্রার কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে লাইভ মিউজিক, পারফরম্যান্স এবং সেলফি জোনের মতো নানা আকর্ষণীয় আয়োজনে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। বিশেষ করে শিশুদের জন্য তৈরি ‘কিডস ফান জোন – স্পেস জাম্প’ কচিকাঁচাদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে।মলের প্রথম দিনেই জুডিও, ভি-মার্ট, বাজার কলকাতা, সাফারি, ডোমিনোজ, সাবওয়ে এবং টি জাংশনের মতো নামী ব্র্যান্ডগুলি তাদের আউটলেট চালু করেছে। আগামী দিনে এখানে ১০০-র বেশি রিটেল স্টোর, ডাইনিং জোন এবং অফিস স্পেস খোলার পরিকল্পনা রয়েছে। বিনোদনের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ৪-স্ক্রিনের ‘এসভিএফ সিনেমাজ’ মাল্টিপ্লেক্স, যার আসন ক্ষমতা প্রায় ৮০০। খুব শীঘ্রই এটি সাধারণের জন্য খুলে দেওয়া হবে।এই উপলক্ষে এলকোভ রিয়েলটির ডিরেক্টর অজয় কুমার শরাফ বলেন, “এলকোভ ত্রিবেণী ওমনিপ্লেক্স হুগলি জেলায় একটি আধুনিক রিটেল ও লাইফস্টাইল ডেস্টিনেশন নিয়ে আসার পথে একটি রোমাঞ্চকর পদক্ষেপ। আমাদের লক্ষ্য এমন একটি জায়গা তৈরি করা যেখানে শপিং, ডাইনিং এবং এন্টারটেনমেন্ট একই ছাদের তলায় পাওয়া যাবে। এর ফলে এই অঞ্চলে নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।”উল্লেখ্য, এলকোভ রিয়েলটি ইতিপূর্বে কলকাতার উচ্চতম ভবন ‘দ্য ৪২’ এবং গঙ্গার ধারের টাউনশিপ ‘এলকোভ নিউ কলকাতা’-র মতো ল্যান্ডমার্ক প্রজেক্ট তৈরি করে সুনাম অর্জন করেছে। শেওড়াফুলির এই নতুন ওমনিপ্লেক্সটি হুগলি ও পার্শ্ববর্তী এলাকার মানুষের কাছে কেনাকাটা ও অবসর যাপনের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত