
গুয়াহাটি, ১৯ মাৰ্চ (হি.স.) : যাবতীয় জল্পনা ও উৎকণ্ঠার অবসান। ১২৬টি কেন্দ্র বিশিষ্ট অসম বিধানসভার ৮৯ আসনে প্রার্থী দেবে বিজেপি। এর মধ্যে আজ একটি আসন চিচিবরগাঁও ছাড়া ৮৮ আসনের প্রথম তালিকা প্ৰকাশ করেছে দল। বাকিগুলি জোটশরিকদের জন্য ছাড়া হয়েছে।
মঙ্গল এবং বুধবার নয়াদিল্লিতে দলীয় সদর দফতরে ম্যারাথন বৈঠকে বসে বিজেপি-র সংসদীয় বোর্ড এই তালিকাকে অনুমোদন দিয়েছে। দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় নেতা জেপি নাড্ডা, সম্বিত পাত্ৰা, অসম প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া, মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা, কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল, দলের সর্বভারতীয় নেতা বৈজন্তজয় পাণ্ডা, কেন্দ্ৰীয় মন্ত্ৰী পবিত্ৰ মাৰ্ঘেরিটা, জাতীয় সাংগঠনিক সাধারণ সম্পাদক বিএল সন্তোষ, অসমে দলের সাংগাঠনিক সাধারণ সম্পাদক রবীন্দ্ৰ রাজু সহ কেন্দ্রীয় নির্বাচনী সমিতির সকল পদাধিকারীগণ।
১২৬-এর মধ্যে ৩৬টি আসন মিত্রজোট অসম গণ পরিষদ (অগপ) এবং হাগ্ৰামা মহিলারি নেতৃত্বাধীন বডোল্যান্ড পিপলস ফ্রন্ট (বিপিএফ)-একে ছেড়ে দিয়ে ৮৮ কেন্দ্রে প্রার্থী দিয়েছে বিজেপি। আজ গুয়াহাটিতে দলের প্রদেশ সদর দফতর অটলবিহারী বাজপেয়ী ভবনে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে আনুষ্ঠানিকভাবে ৮৮ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছেন প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া এবং মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।
আজ যে তালিকা প্ৰকাশ করা হয়েছে, তাতে দেখা গেছে বিদ্যমান দশজন বিধায়ককে ছাঁটা হয়েছে। তবে বেশ কয়েকজন দলের পুরনো নেতা-কার্যকর্তাকে চয়ন করেছে দল। এছাড়া রয়েছেন কয়েকজন নতুন প্রার্থীও।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস