
আগরতলা, ১৯ মার্চ (হি.স.) : ৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) জহর চক্রবর্তীকে প্রার্থী করায় সন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। তিনি আশা প্রকাশ করেছেন, কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের ভিত্তিতেই এই উপনির্বাচনে বিজেপি উল্লেখযোগ্য জয় লাভ করবে।
বৃহস্পতিবার বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, জহর চক্রবর্তী দীর্ঘদিনের বিজেপি কর্মী এবং ধর্মনগরের একজন সজ্জন ও পরিচিত ব্যক্তিত্ব। তাঁর পরিবারের সদস্যরাও দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত। ছোট থেকে বড়—ধর্মনগরের প্রায় সকলেই তাঁকে চেনেন বলেও উল্লেখ করেন তিনি। এমন একজন গ্রহণযোগ্য প্রার্থীকে মনোনীত করায় দল শক্ত অবস্থানে রয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।
তিনি আরও জানান, উন্নয়নের ইস্যুকেই সামনে রেখে বিজেপি মানুষের কাছে যাবে এবং সেই ভিত্তিতেই বড় জয়ের আশা করছে দল। জহর চক্রবর্তীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ২০১৬ সালে ধর্মনগরে দলীয় কাজে গিয়ে জহর চক্রবর্তীর বাইকে করেই বিভিন্ন এলাকায় প্রচারে অংশ নিয়েছিলেন তিনি।
এদিকে, ভিলেজ কমিটির নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায় প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই রায়ে প্রকারান্তরে বিজেপি-এর নৈতিক জয় হয়েছে। তিনি বলেন, রাজ্য সরকার আগেই জানিয়েছিল একসঙ্গে নির্বাচন করলে বিভিন্ন অসুবিধা হতে পারে এবং বর্ষা মরশুম এড়িয়ে সেপ্টেম্বরে নির্বাচন করার প্রস্তাব দেওয়া হয়েছিল।
মুখ্যমন্ত্রী আরও জানান, শীর্ষ আদালতের নির্দেশে বলা হয়েছে, নির্বাচনকালে বর্ষা পরিস্থিতি থাকলে তা পুনর্বিবেচনা করা হতে পারে, ফলে প্রয়োজনে নির্বাচন পিছিয়েও যেতে পারে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ