
আগরতলা, ১৯ মার্চ (হি.স.) : ফের আগরতলা রেল স্টেশন থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করে চার নেশা পাচারকারীকে গ্রেফতার করল জিআরপি থানার পুলিশ। ধৃতদের মধ্যে দু'জনের বাড়ি বিহার এবং অপর দু'জনের বাড়ি সোনামুড়া থানাধীন ঊর্মাই এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, পবিত্র ঈদকে সামনে রেখে বাংলাদেশে নেশাজাতীয় দ্রব্যের চাহিদা বেড়ে যাওয়ায় একটি সক্রিয় পাচারকারী চক্র রাজ্যের মাধ্যমে এসব সামগ্রী পাচার করছে। সেই সূত্রে আগরতলা রেল স্টেশনে নজরদারি বাড়ানো হয়েছে।
বুধবার রাতে নিয়মিত তল্লাশি অভিযানের সময় এক নম্বর প্ল্যাটফর্মে চারজন সন্দেহভাজন যুবককে ঘোরাফেরা করতে দেখে তাদের আটক করে পুলিশ। পরে তাদের ব্যাগে তল্লাশি চালিয়ে মোট ২১৭ শিশি ‘অ্যাসকপ’ ও ‘চকো প্লাস’ নামের নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম পঙ্কজ রায়, সোনু কুমার, শাহজাহান মিয়া ও আব্দুল হান্নান। প্রথম দু'জনের বাড়ি বিহার। বাকি দু'জন সোনামুড়ার বাসিন্দা। প্রত্যেকের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে।
জিআরপি থানার আধিকারিক রাজু ভৌমিক জানান, উদ্ধার হওয়া নেশা সামগ্রীর কালোবাজারি মূল্য আনুমানিক ৬ লক্ষ টাকা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পাচার চক্রের সঙ্গে জড়িত অন্যদের সন্ধান চালানো হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ