
শিমলা, ১৯ মার্চ (হি.স.): মার্চের মাঝামাঝির বৃষ্টিতে হিমাচল প্রদেশে খুশি ফলচাষিরা। এই সময়ের বৃষ্টি হিমাচলের কাংড়া অঞ্চলের আম ও অন্যান্য ফলচাষিদের জন্য বহু প্রতীক্ষিত স্বস্তি ও আনন্দ বয়ে এনেছে। এবার ভালো ফলন হবে বলে আশাবাদী চাষিরা। এই বৃষ্টি আমের জন্য অত্যন্ত উপকারী হবে বলে মনে করছেন চাষিরা। এছাড়াও লিচু ও লেবুর মতো ফলেরও ফলন ভালো হবে বলে প্রত্যাশা চাষিদের।
বিশেষজ্ঞরা বলছেন, মার্চের বৃষ্টি গাছের বৃদ্ধি, ফলের গুণমান বাড়িয়ে দেবে, যার ফলে সালোকসংশ্লেষণ বৃদ্ধি পাবে। এছাড়াও, পর্যাপ্ত আর্দ্রতা কচি ফলের বিকাশে সহায়তা করবে এবং ফল অকালে ঝরে পড়া রোধ করতে সাহায্য করবে। রাজ্য উদ্যানপালন বিভাগ অনুসারে, কাংড়া জেলায় প্রায় ২২,০০০ হেক্টর জমিতে আম চাষ হয় এবং এর বার্ষিক উৎপাদন প্রায় ২৫,০০০ টন। আম চাষিরা এই বছর আমের খুব ভালো ফলনের আশা করছেন।
এদিকে, হিমাচল প্রদেশে আপাতত বৃষ্টি ও তুষারপাত বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শিমলা, কাংড়া, কুল্লু, চম্বা ও মান্ডি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে, এই জেলাগুলির বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি, শিলাবৃষ্টি ও দমকা হাওয়া বইতে পারে। সোলান, সিরমৌর, উনা, বিলাসপুর ও হামিরপুর জেলার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ