
বাঁকুড়া, ১৯ মার্চ (হি.স.) : আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে বড়জোড়া কেন্দ্র নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এই আসনটি শাসকদল তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারবে কি না, তা নিয়েই চলছে হিসাব-নিকাশ। ইতিমধ্যেই তৃণমূল, বিজেপি ও সিপিএম তিন প্রধান রাজনৈতিক দলই প্রার্থী ঘোষণা করে প্রচারে নেমে পড়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বড়জোড়া একসময় বামফ্রন্টের শক্ত ঘাঁটি ছিল। ২০১১ সালে তৃণমূল কংগ্রেস প্রথমবার এই কেন্দ্র দখল করে। পরে ২০১৬ সালে সিপিএম পুনরায় আসনটি ফিরে পেলেও ২০২১ সালে আবার তৃণমূলের দখলে যায়। ওই নির্বাচনে তৃণমূল প্রার্থী অলোক মুখার্জি জয়ী হন, তবে বিজেপি উল্লেখযোগ্য ভোট পেয়ে দ্বিতীয় স্থানে উঠে আসে। একই সময়ে বামেদের ভোটব্যাঙ্কে বড়সড় পতন লক্ষ্য করা যায়।
এবারের নির্বাচনে শাসকদল ও বিরোধী উভয় শিবিরই প্রার্থী পরিবর্তন করেছে। তৃণমূল কংগ্রেস অলোক মুখার্জির পরিবর্তে গৌতম মিশ্রকে প্রার্থী করেছে। অন্যদিকে বিজেপি প্রার্থী করেছে নতুন মুখ বিল্লেশ্বর সিনহাকে। রাজনৈতিক মহলের একাংশের মতে, স্থানীয় সমীকরণ ও প্রার্থীর গ্রহণযোগ্যতা এই দুই বিষয়ই এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে এই কেন্দ্রে তৃণমূল নেতৃত্বের সভাও হয়েছে। তবে তার প্রভাব ভোটবাক্সে কতটা প্রতিফলিত হবে, তা এখনও স্পষ্ট নয়। অতীতের নির্বাচনী ফলাফল ও বর্তমান পরিস্থিতি বিবেচনায় বড়জোড়া আসনটি এবার অন্যতম চর্চিত কেন্দ্রে পরিণত হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট