
দুর্গাপুর, ১৯ মার্চ (হি.স.) : শিল্পশহর দুর্গাপুরে ডেঙ্গু সংক্রমণে এক স্বাস্থ্যকর্মীর মৃত্যুকে ঘিরে উদ্বেগ ছড়িয়েছে। বৃহস্পতিবার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সতর্কতা বাড়ানো হয়েছে এবং পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্য নগরোন্নয়ন দফতরের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এদিন জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মনোজ কুমার দাস (৪৬)। তিনি দুর্গাপুরের ইস্পাত নগরীর বাসিন্দা এবং পানাগড়ের একটি বেসরকারি ক্লিনিকে কর্মরত ছিলেন। দোল উৎসবের সময় থেকে জ্বরে ভুগছিলেন তিনি। ১৩ মার্চ তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ১৫ মার্চ তাঁর মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গিয়েছিল এবং রক্তক্ষরণের উপসর্গও দেখা দেয়।
ঘটনার পরই এলাকায় মশাবাহিত রোগ নিয়ে উদ্বেগ বাড়ে। বৃহস্পতিবার নগরোন্নয়ন দফতর ও স্বাস্থ্য দফতরের আধিকারিকরা মৃতের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি পর্যালোচনা করেন। পাশাপাশি এলাকায় মশার লার্ভা দমনে কীটনাশক ছড়ানো ও সচেতনতা প্রচার চালানো হয়েছে।
জেলা স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখনও পর্যন্ত জেলায় ১২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। দুর্গাপুর শহরে আক্রান্তের সংখ্যা ৪।
অন্যদিকে, স্থানীয় স্তরে পরিষেবা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। একাধিক এলাকায় নিকাশি ও সাফাই ব্যবস্থার ঘাটতির অভিযোগ উঠেছে। যদিও দুর্গাপুর নগর নিগমের চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় জানিয়েছেন, নিয়মিত সাফাই অভিযান চালানো হচ্ছে এবং মশা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্বাস্থ্য আধিকারিকদের তরফে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা জল অপসারণ এবং মশারি ব্যবহারের উপর জোর দেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা