
বিলোনিয়া, ১৯ মার্চ (হি.স.) : দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার সাতমুড়া নয়াপল্লী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল একটি রান্নাঘরসহ বসত ঘর। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার বাসিন্দা কিংকর সাহার বাড়িতে আচমকাই আগুন লাগে। সেই সময় বাড়িতে ভাড়াটিয়া ছাড়া পরিবারের অন্য কেউ উপস্থিত ছিলেন না। মুহূর্তের মধ্যে আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ে এবং বসত ঘর গ্রাস করে নেয়।
অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র, স্বর্ণালঙ্কার, নগদ টাকা এবং গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা না গেলেও প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ভাড়াটিয়ার রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।
আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে এলাকার যুবকরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে বিলোনিয়া অগ্নিনির্বাপক দফতরে খবর দেওয়া হলে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে দমকল বাহিনীর তৎপরতা সত্ত্বেও দুটি ঘর এবং ঘরের সমস্ত সামগ্রী রক্ষা করা সম্ভব হয়নি। ঘটনার খবর পেয়ে মহকুমা শাসক এবং সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ