
কলকাতা, ২ মার্চ (হি. স.) : শান্তিনিকেতন-এর আদলে বসন্ত উৎসবের রঙে সাজল নিশ্চিন্দা আনন্দনগর পশ্চিম শান্তিনগর। সোমবার সকালে পায়েল ডান্স একাডেমির উদ্যোগে একাডেমির সামনে থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। প্রায় দু’কিলোমিটার পথ পরিক্রমা করে শোভাযাত্রা পৌঁছয় বালি ঘোষপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি-র মাঠ প্রাঙ্গণে। সেখানেই নাচে-গানে, আবিরে ও উচ্ছ্বাসে উদ্যাপিত বসন্তোৎসব।
রঙিন পোশাকে সেজে ছোট থেকে বড় - সকলের অংশগ্রহণে উৎসব হয়ে ওঠে প্রাণবন্ত। দোলযাত্রাকে স্বাগত জানাতে উড়ল নানা রঙের আবির। ‘লাইভ’ গানের এদিন আয়োজন ও বর্ণময় হয়েছে। অংশগ্রহণকারীদের ইচ্ছাতেই আবির খেলায় মেতে ওঠেন সকলে। নৃত্য পরিবেশনের মধ্য দিয়েই এগোয় শোভাযাত্রা।
একাডেমির কর্ণধার অনামিকা সিদ্ধান্ত জানান, প্রতিবছর শান্তিনিকেতনের বসন্ত উৎসব তাঁদের টানত। করোনা মহামারির সময় সেই ধারায় ছেদ পড়ে। তারপরই স্থানীয় স্তরে ছোট পরিসরে শুরু হয় এই উদ্যোগ। ধীরে ধীরে তা এখন বার্ষিক আয়োজনের রূপ নিয়েছে। তাঁর কথায়, - “এই দিনটার জন্য সারা বছর অপেক্ষা করে থাকে সবাই।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত